হ্রাস পাওয়া জন্মহার বাড়াতে এবং জনসংখ্যাগত ভারসাম্য রক্ষা করতে ব্যতিক্রমী ও বড় আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। এখন থেকে দেশটির কোনো নাগরিক সন্তান জন্ম দিলে সরকারের পক্ষ থেকে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের ন্যাশনাল ডে র্যালিতে বক্তব্য প্রদানকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন এই ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’ (SG Child Support Package)-এর ঘোষণা দেন।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অন্যতম ধনী এই নগররাষ্ট্রটিতে বর্তমানে জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। পাশাপাশি দেশটি এ বছরই ‘সুপার-এজড সোসাইটি’ বা প্রবীণ জনগোষ্ঠীর রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে—যেখানে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশের বয়স হবে ৬৫ বছর বা তার বেশি।
ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশনের দেওয়া তথ্যমতে, নতুন এই প্যাকেজে পূর্বের স্কিমগুলোর সঙ্গে বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে। ২০২৭ সালের ১ এপ্রিল বা তারপরে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্য শুরুতেই ১০ হাজার সিঙ্গাপুর ডলার নগদ অর্থ দেওয়া হবে, যা প্রথম ১২ মাসের মধ্যে দুই কিস্তিতে পরিশোধ করা হবে। এছাড়া শিশুর জীবনের ১৬ বছর বয়স পর্যন্ত প্রতি বছর বার্ষিক ২ হাজার ডলার করে মোট ৩২ হাজার ডলারের ক্রেডিট দেওয়া হবে।
সব মিলিয়ে প্রথম শিশুর ক্ষেত্রে ১৭ বছর বয়স হওয়া পর্যন্ত পরিবারগুলো আগের সুবিধার তুলনায় অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার এবং তৃতীয় শিশুর ক্ষেত্রে অতিরিক্ত ১৯ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত অর্থ সহায়তা পাবে। সরকারি হিসেব অনুযায়ী, দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবারের ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু নতুন এই প্যাকেজের আওতায় উপকৃত হবে। এই প্রকল্প বাস্তবায়নে সিঙ্গাপুর সরকার প্রায় ৭০০ কোটি সিঙ্গাপুর ডলারের বাজেট বরাদ্দের প্রস্তুতি নিচ্ছে।

