লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এনার্জি সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এ আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরের অফশোর ব্লকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সামিটের মূল অধিবেশনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরের বিশাল সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব নানা সুবিধা বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ বিশ্বখ্যাত জ্বালানি কোম্পানিগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এই বিডিং রাউন্ডের অধীনে বঙ্গোপসাগরের মোট ২৬টি ব্লক—যার মধ্যে ১১টি অগভীর (Shallow Water) এবং ১৫টি গভীর সমুদ্রের (Deep Water) ব্লক রয়েছে—আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের সামগ্রিক স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি, অর্থনৈতিক গতিশীলতা এবং দেশীয় জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগবান্ধব নীতির কথা আলোকপাত করেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক শর্তসংবলিত ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট ২০২৬’ (PSC 2026) এবং হালনাগাদ আধুনিক সিসমিক সার্ভে তথ্যের সুযোগ-সুবিধার কথা বিদেশি কোম্পানিগুলোর সামনে পেশ করা হয়।
সম্মেলনে অংশ নেওয়া আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা করতে বাংলাদেশ সরকার এবং পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের প্রতিনিধি দল চারটি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক ও কৌশলগত বৈঠক সম্পন্ন করেছে। দ্বিতীয় দিনে বিশ্বের আরও চারটি বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের পৃথক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

