যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ঐতিহাসিক সুবিধায় কড়াকড়ি আরোপ করতে নতুন প্রস্তাব এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্টের আবেদন করার সময় মা-বাবাকেও নিজেদের নাগরিকত্ব কিংবা বৈধভাবে বসবাসের প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৬ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বাস্তবায়নের লক্ষ্যেই দেশটির স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর) নির্দেশিকার এই খসড়া তৈরি করেছে। এর প্রধান উদ্দেশ্য হলো তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বা কেবল সন্তান জন্মদানের উদ্দেশ্যে মার্কিন মুলুকে সফর ঠেকানো এবং জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের পরিধি সংকুচিত করা।
কী পরিবর্তন আসছে আবেদনে:
-
প্রমাণপত্র জমা বাধ্যতামূলক: নতুন প্রস্তাব অনুযায়ী, শিশুদের পাসপোর্টের আবেদনের সময় মা-বাবাকে নিজ দেশের বৈধ পাসপোর্ট, জন্মসনদ কিংবা মার্কিন আই-৯৪ ফরম অথবা গ্রিন কার্ডের কপি জমা দিতে হবে।
-
আগের নিয়মের সঙ্গে পার্থক্য: বর্তমানে প্রচলিত নিয়মে শিশুদের পাসপোর্ট তৈরিতে মা-বাবার ছবিযুক্ত পরিচয়পত্র ও সন্তানের সঙ্গে সম্পর্ক প্রমাণের নথি দিলেই হতো, সেখানে মা-বাবার আলাদা নাগরিকত্ব বা অভিবাসন নথি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, নাগরিকত্বের মানদণ্ড ও মর্যাদা বজায় রাখতেই নতুন নির্দেশিকায় বাবা-মায়ের বৈধ স্ট্যাটাস যাচাই করার বিধান রাখা হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের একই ধরনের একটি সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী আখ্যা দিয়ে তা বাতিল করে দিয়েছিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে নতুন খসড়া নীতিমালায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এড়িয়ে কীভাবে নতুন আইনি কড়াকড়ি প্রয়োগ করা যায়, তারই রূপরেখা তৈরি করছে ট্রাম্প প্রশাসন।

