অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ১২ বছর বয়সী স্কুলছাত্র ডাস্টি ল্যাংবি। নিজ শহরের অসুস্থ শিশুদের স্বাস্থ্যসেবার ফান্ড বাড়াতে ৫০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে অতিক্রম করেছে সে। তার এই অবিশ্বাস্য প্রচেষ্টায় দেশটির গ্রামীণ অঞ্চলের শিশুদের চিকিৎসায় সংগৃহীত হয়েছে প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) অস্ট্রেলিয়ান ডলার।
নিজের শহর ওয়ারেন থেকে টানা দুই সপ্তাহের বেশি সময় হেঁটে গত সোমবার দেশটির রাজধানী ক্যানবেরায় পৌঁছায় ডাস্টি। গ্রামীণ স্বাস্থ্যে নিয়োজিত দাতব্য সংস্থা ‘লিটল উইংস’-এর সহায়তায় তার লক্ষ্য ছিল ৫ লাখ ডলার তহবিল সংগ্রহ করা এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সমপরিমাণ অনুদান আদায় করা।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ক্যানবেরার পার্লামেন্ট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দেখা করে প্রত্যাশার চেয়েও বড় অর্থায়নের ঘোষণা পায় এই কিশোর।
প্রধানমন্ত্রীর আবেগঘন স্বীকৃতি ও সরকারি অনুদান
ডাস্টির সঙ্গে সাক্ষাৎ শেষে সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লিখেছেন, “ডাস্টি একটি অসাধারণ কাজ করেছে। তার এই অদম্য প্রচেষ্টাকে সম্মান জানাতে ডাস্টি যে অর্থ সংগ্রহ করেছে, সরকার ঠিক সমপরিমাণ অর্থ সহায়তা প্রদান করবে। পাশাপাশি ‘লিটল উইংস’-এর কার্যক্রম সম্প্রসারণে আরও অতিরিক্ত ১০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।”
সরকারি এই বড় অর্থায়নের ঘোষণা শোনার পর পার্লামেন্ট হাউসে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উল্লাস চেপে রাখতে না পেরে ডাস্টি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পুকুরপাড়ের ভাবনা থেকে ৫০০ কিলোমিটারের অভিযান
‘লিটল উইংস’ মূলত ডাস্টিদের মতো দূরবর্তী অঞ্চলের গুরুতর অসুস্থ শিশুদের বিনামূল্যে দ্রুত শহরের হাসপাতালে পৌঁছানোর জন্য বিমানে যাতায়াত এবং বিশেষজ্ঞ শিশু চিকিৎসকদের সেসব দুর্গম অঞ্চলে যাওয়ার ব্যবস্থা করে। অতীতে ডাস্টি ও তার ছোট ভাই অ্যাঙ্গাস চিকিৎসা জটিলতায় এই সংস্থার সুবিধা পেয়েছিল।
পুরোনো সেই অভিজ্ঞতা থেকেই পরিবারের পুকুরপাড়ে বসে মায়ের সঙ্গে কথা বলার সময় ডাস্টির মাথায় এই পদযাত্রার চিন্তা আসে। দীর্ঘ প্রস্তুতির পর চলতি পথপরিক্রমায় শারীরিক নানা ক্লান্তি ও পায়ে ফোস্কা পড়লেও স্থানীয় অধিবাসীদের ভালোবাসা তাকে গন্তব্যে পৌঁছাতে শক্তি জুগিয়েছে।
স্বাস্থ্যসেবায় যে পরিবর্তন আনবে এই অর্থ
‘লিটল উইংস’-এর প্রধান নির্বাহী ক্লেয়ার পিয়ারসন জানান, ডাস্টির সংগৃহীত তহবিল ও সরকারের এই যৌথ অর্থায়নের মাধ্যমে অন্তত ৬০০টি নতুন বিশেষ চিকিৎসাসেবা মিশন পরিচালনা করা সম্ভব হবে। এর ফলে চিকিৎসা থেকে বঞ্চিত অস্ট্রেলিয়ার দূরবর্তী ও গ্রামীণ অঞ্চলের শিশুরা বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পাবে।

