অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হয়েছে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ট্যানজারিন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর)।২০২৬/২৭ মৌসুমের জন্য এই নতুন অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়েছে।
এর মাধ্যমে টানা তৃতীয় বছরের মতো রেনেগেডসের সঙ্গে যুক্ত থাকছে ট্যানজারিন। তবে এবার তাদের সম্পর্ক আরও বড় পরিসরে এগিয়েছে। নতুন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের নারী ও পুরুষ—দুই দলের জার্সির সামনের অংশে থাকবে ট্যানজারিনের লোগো।
অংশীদারত্বের ঘোষণা উপলক্ষে ২০২৬/২৭ মৌসুমের নতুন জার্সিও উন্মোচন করা হয়। এ সময় ক্লাবের এমন কয়েকজন পুরোনো সদস্যের হাতে জার্সি তুলে দেওয়া হয়, যারা টানা ১৬ মৌসুম ধরে রেনেগেডসের সদস্য হিসেবে রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনেগেডস ও অস্ট্রেলিয়া দলের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে ছিলেন অসিদের তিন ফরম্যাটের নারী অধিনায়ক সোফি মলিনিউ, অলরাউন্ডার জর্জিয়া ওয়্যারহ্যাম, পেসার জেসন বেহরেনডর্ফ এবং তরুণ ক্রিকেটার হ্যারি ডিক্সন।
উইমেন্স বিগ ব্যাশ লিগের নতুন মৌসুম শুরু হতে আর প্রায় ৫০ দিন বাকি। তার আগে প্রধান অংশীদারের এই ঘোষণা নতুন মৌসুম ঘিরে রেনেগেডসের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যোগ করেছে।
ট্যানজারিনের চিফ অপারেটিং অফিসার রিচার্ড ব্র্যানসন বলেছেন, “মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে টানা তৃতীয় মৌসুমে যুক্ত থাকতে পেরে তারা আনন্দিত। ক্লাবটির খেলোয়াড়, সমর্থক ও কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।”
রেনেগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবটও নতুন এই অংশীদারত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, “নতুন মৌসুমে খেলোয়াড় ও সমর্থকদের একসঙ্গে নিয়ে ভালো কিছু করার লক্ষ্যেই এগোচ্ছে দলটি।”
নতুন মৌসুম সামনে রেখে মাঠের প্রস্তুতির পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও নিজেদের শক্তিশালী করছে মেলবোর্ন রেনেগেডস।

