জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও দুই দেশের পরিবেশগত সহযোগিতা আরও জোরদার করতে মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন ৯টি ভিন্ন প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ এবং চারা উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) মিয়ানজ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল অব এগ্রিকালচার বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এই সহায়তা প্রদানের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন ৯ প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ ও চারা উৎপাদন সরঞ্জাম দিয়েছে।
চুক্তি অনুসারে, মালদ্বীপের স্থানীয় মাটি ও জলবায়ুর সাথে বাংলাদেশের উদ্ভিদ প্রজাতির অভিযোজন সক্ষমতা যাচাই করা হবে। মিয়ানজ কলেজ এসব বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও পরিচর্যার বিষয়ে গবেষণার পাশাপাশি প্রাপ্ত তথ্য সংরক্ষণ করবে। সরবরাহকৃত বীজের তালিকায় রয়েছে পেয়ারা, আকাশমণি, কৃষ্ণচূড়া, নিম, গগন শিরীষ, বকুল, ইপিল-ইপিল, অর্জুন ও বহেরা।
অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, এই উদ্যোগ কেবল বীজ বিনিময়ের বিষয় নয়, বরং এটি কৃষি গবেষণা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে দুই দেশের সহযোগিতার নতুন পথ উন্মোচন করেছে। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সবুজায়ন কর্মসূচি অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। মিয়ানজ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ মুত্তাকী আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশি বীজ মালদ্বীপের মাটিতে সফলভাবে বেড়ে উঠলে তা দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হবে। এমনকি কলেজের পক্ষ থেকে এসব বীজ থেকে উৎপাদিত গাছগুলোকে ‘তারেক জিয়া ট্রি’ হিসেবে নামকরণের প্রস্তাবও রাখা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের এই উদ্যোগ মালদ্বীপ সরকারের নিজস্ব ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মালদ্বীপের এই কর্মসূচিতে ৫.৮ মিলিয়নের বেশি চারা রোপণের প্রতিশ্রুতি এসেছে এবং ইতিমধ্যে ১.৮ মিলিয়নের বেশি গাছ লাগানো সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মুতাছেম বিল্লাহ, তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী, হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান এবং মিয়ানজ কলেজের অধ্যক্ষ ফাতেমাত শাহিমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

