মিয়ানমারের অনলাইন স্ক্যাম (প্রতারণা) কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘বিএস-২১৮’ ফ্লাইটে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফিরতে যাওয়া তিন বাংলাদেশি হলেন— মো. সাইদুর রহমান, রবিউল এবং মো. সোহেল রানা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবপাচারের শিকার এসব ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ তাদের উদ্ধারে উদ্যোগ গ্রহণ করে। গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা চেয়ে আবেদন জানায় সংগঠনটি।
উক্ত আবেদনের ভিত্তিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবকে (শ্রম) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে থাইল্যান্ডের ‘মায়ে সট’ ইমিগ্রেশনের সেফ হোমে থাকা মোট আটজন বাংলাদেশিকে মুক্ত করে ফেরত পাঠানোর কথা বলা হয়। প্রথম ধাপে তাঁদের মধ্যে থেকে তিনজনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, আর বাকি পাঁচজন বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

