সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর থেকে দেশটির রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (২১ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে রিয়াদগামী পরবর্তী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌদি আরবের অন্যান্য রুটের ফ্লাইটগুলোর বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়:
-
দাম্মাম রুট: ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে।
-
জেদ্দা রুট: ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
-
মদিনা রুট: গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ভ্রমণ সংক্রান্ত তথ্য, বুকিং ও টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

