ক্রিকেট মাঠে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে আম্পায়ার বিনিময় কর্মসূচি হাতে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই কর্মসূচির আওতায় ভারতের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করবেন অস্ট্রেলিয়ান আম্পায়ার বেন ট্রেলোয়ার। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালন করবেন ভারতের আম্পায়ার পরাশর জোশি।
বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ভারতের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফির দুটি ম্যাচ পরিচালনা করবেন ট্রেলোয়ার। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় দুটি শেফিল্ড শিল্ড ও একটি ওয়ানডে কাপের ম্যাচে আম্পায়ারিং করবেন জোশি।
অভিজ্ঞ অস্ট্রেলিয়ান আম্পায়ার ট্রেলোয়ার এখন পর্যন্ত ৩০টি প্রথম শ্রেণির, ২০টি লিস্ট ‘এ’ এবং বিগ ব্যাশ লিগের ৩৯টি ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুটি নারী ওয়ানডে ও চারটি নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।
মাঠের দায়িত্বের পাশাপাশি ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের আম্পায়ার শিক্ষা কর্মকর্তা হিসেবেও কাজ করছেন ট্রেলোয়ার। নতুন প্রজন্মের আম্পায়ার তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ সাউথ ওয়েলস ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন থেকে চারবার জর্জ বোরউইক মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
ভারত সফরে ১৮ থেকে ২১ অক্টোবর দিল্লিতে গুজরাটের বিপক্ষে দিল্লির রঞ্জি ট্রফির ম্যাচে দায়িত্ব পালন করছেন ট্রেলোয়ার। এরপর ২৬ থেকে ২৯ অক্টোবর মুম্বাইয়ে হরিয়ানার বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচ পরিচালনা করবেন তিনি।
অন্যদিকে, ভারতীয় আম্পায়ার পরাশর জোশিও ঘরোয়া ক্রিকেটে বেশ অভিজ্ঞ। রঞ্জি ট্রফি ও দুলীপ ট্রফি মিলিয়ে ১৯টি প্রথম শ্রেণির ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া বিজয় হাজারে ট্রফি ও দেওধর ট্রফিতে ৩২টি লিস্ট ‘এ’ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও সৈয়দ মুশতাক আলী ট্রফিসহ ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
অস্ট্রেলিয়ায় জোশির দায়িত্ব শুরু হবে আগামী ১১ নভেম্বর। ব্রিসবেনের গ্যাবায় তাসমানিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের শেফিল্ড শিল্ড ম্যাচ পরিচালনা করবেন তিনি। ম্যাচটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
এরপর ১৬ নভেম্বর একই মাঠে কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার মধ্যকার ওয়ানডে কাপের ম্যাচে দায়িত্ব পালন করবেন জোশি। সবশেষ ২২ থেকে ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের শেফিল্ড শিল্ড ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে শেষ হবে তাঁর অস্ট্রেলিয়া সফর।
ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইয়ের এই আম্পায়ার বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের ম্যাচ কর্মকর্তারা ভিন্ন কন্ডিশন ও প্রতিযোগিতায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

