বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা কিংবা ব্যবসায়িক মন্দা দেখা দিলেই বড় বড় করপোরেট প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের ধুম পড়ে। সেখানে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত টানা ৭৫ বছরের ইতিহাসে একজন কর্মীও ছাঁটাই না করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দ্য গ্যান্ড কোম্পানি’ (The Gund Company)।
১৯৫১ সালে ক্যান্ডি বিক্রেতা এড গান্ডের হাত ধরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সম্প্রতি কর্মী ছাঁটাই ছাড়া সফল ব্যবসার ৭৫ বছর পূর্ণ করল। বর্তমানে তাদের সাফল্য ও বিশেষ পরিচালন নীতি শিখতে বিভিন্ন দেশের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা (সিইও) যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরে ভিড় জমাচ্ছেন।
অনন্য এই অর্জনের নেপথ্য কৌশল:
বিশ্লেষকদের মতে, এটি কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নয়, বরং অত্যন্ত বিচক্ষণ ও বৈজ্ঞানিক পরিচালন কাঠামোর ফসল।
-
নমনীয় কর্মী ব্যবস্থাপনা: চাহিদার তুঙ্গে থাকার সময় অতিরিক্ত স্থায়ী কর্মী নিয়োগ না করাই গান্ডের “নো-লেঅফ” রেকর্ডের মূল চাবিকাঠি। তারা ওভারটাইম শিফট, প্রফিট-শেয়ারিং ও স্বাভাবিক অবসরকে (Attrition) প্রধান কৌশল হিসেবে ব্যবহার করে।
-
অর্থনৈতিক মন্দা সামলানো: সাধারণ কোনো মন্দায় বাজারে চাহিদা কমে গেলে অতিরিক্ত ওভারটাইম বন্ধ রেখে বছরে শ্রমের সময় প্রায় ১৮ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যায়, যা কর্মী ছাঁটাই না করেই বড় অর্থনৈতিক ধাক্কা সামলে দিতে সাহায্য করে।
আকর্ষণীয় বেতন ও মালিকানার সুযোগ:
প্রতিষ্ঠানটিতে ১,৩০০ কর্মী কর্মরত আছেন এবং বিগত এক দশকে বছরে গড়ে ১৮ শতাংশ প্রবৃদ্ধি বজায় রেখে তাদের বার্ষিক বিক্রি প্রায় ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারে পৌঁছেছে।
এখানে একজন শিক্ষানবিস কারখানার কর্মী ওভারটাইম ও প্রফিট-শেয়ারিং ছাড়াই বছরে গড়ে ৫৫ হাজার থেকে ৬৫ হাজার মার্কিন ডলার আয় করেন। প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে ওপেন-বুক ম্যানেজমেন্ট নীতি অনুসরণ করা হয়; যেখানে প্রতিটি পদের বেতন স্কেল ও আর্থিক হিসাবের বিবরণী মিটিং রুমের দেয়ালে টানানো থাকে। এছাড়া ‘এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যানের’ মাধ্যমে কর্মীরা কোম্পানির ৩০ শতাংশ শেয়ারের মালিক।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ:
জেনারেল ইলেকট্রিক ও রকওয়েল অটোমেশনের মতো বিশ্বখ্যাত গ্রাহকদের সরবরাহকারী এই প্রতিষ্ঠানের সামনে বর্তমানে কিছু চ্যালেঞ্জও দেখা দিচ্ছে। দ্রুত প্রবৃদ্ধির কারণে দক্ষ সুপারভাইজার তৈরির গতি ধীর হওয়া এবং তরুণ কর্মীদের মধ্যে অতিরিক্ত ওভারটাইম না করার প্রবণতা দেখা দেওয়ায় চাহিদা সামলাতে নমনীয়তার কৌশল ঝুঁকির মুখে পড়তে পারে। তা সত্ত্বেও ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার ও পাওয়ার গ্রিড পণ্যের বাজার চাঙ্গা থাকায় গান্ড তাদের কর্মী বান্ধব এই ইতিহাস ধরে রেখে এগিয়ে যাচ্ছে।

