সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি অসীমা চৌধুরী (৪৮) এবং তার ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অসীমার স্বামী সৌরভ বিশ্বাস স্থানীয় মাফরাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামের বাসিন্দা এই পরিবারটি দীর্ঘ দিন ধরে আবুধাবিতে বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্র ও প্রবাসী সংগঠক সজল চৌধুরী জানান, সোমবার রাতে সৌরভ বিশ্বাস তার ব্যক্তিগত টয়োটা ইয়ারিস গাড়ি চালিয়ে সপরিবারে আল ওয়াথবায় একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে আবুধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি নিশান সাফারি ফোর-হুইল গাড়ি তাদের গাড়িতে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান এবং গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আবুধাবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মাফরাক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সাথে জড়িত গাড়িটি জব্দ এবং এর চালককে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন এবং আহত বাবাকে ভর্তি রেখে চিকিৎসা দেন।
দীর্ঘ আড়াই দশক ধরে আবুধাবিতে প্রকৌশলী হিসেবে কর্মরত সৌরভ বিশ্বাসের নির্মাণ ব্যবসার পাশাপাশি পরিবার নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করার ইতিহাস রয়েছে। নিহত অসীমা চৌধুরী আবুধাবির একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন এবং একজন সংগীতশিল্পী হিসেবেও কমিউনিটিতে পরিচিত ছিলেন। বর্তমানে মা ও ছেলের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের এক কন্যা দুবাই নলেজ ভিলেজের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ করে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

