বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষ্যে মালয়েশিয়ায় একটি প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এই সভায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং নবগঠিত কমিটির নেতাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন সংগঠনটির প্রচার সম্পাদক বাদল কারার। সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের অঙ্গীকার করা হয়।
নেতারা আলোচনার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন। সভা শেষে নবগঠিত কমিটির নেতারা সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

