আফ্রিকার দেশ মালাউইয়ের ৮৬ বছর বয়সী প্রবীণ বাসিন্দা চিখওয়ায়া কামুলোনি মানুষের কল্যাণে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় এবং নিজের গ্রামের মুসল্লিদের নামাজের সুবিধার্থে তিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন। মালাউইয়ের মাঙ্গোচি জেলার চিলোম্বো গ্রামে নির্মিত এই মসজিদ প্রকল্পে তার ব্যয় হয়েছে ৩ কোটি ৫০ লাখ মালাউইয়ান কোয়াচা।
দেশটির সংবাদমাধ্যম মালাউই২৪-এর তথ্য অনুযায়ী, স্থানীয় মুসল্লিরা দীর্ঘ সময় ধরে একটি অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করে আসছিলেন। তাদের একটি স্থায়ী ও উপযুক্ত উপাসনালয় উপহার দেওয়ার লক্ষ্যেই কামুলোনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া এই নির্মাণযজ্ঞ সফলভাবে শেষ হয়। এরপর ২০২৬ সালের ২৯ আগস্ট স্থানীয় মুসলিম নেতৃবৃন্দের উপস্থিতিতে মসজিদটি আনুষ্ঠানিকভাবে এলাকার জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্যক্তিগত অর্থে মসজিদ নির্মাণের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
নিজে ৮৬ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পেরেছেন—এই কৃতজ্ঞতা থেকেই তিনি এমন মানবিক কাজ করেছেন বলে জানান।
কামুলোনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই প্রকল্পের পুরো ব্যয় তিনি একাই বহন করেছেন এবং এ কাজে বাইরের কারো কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা গ্রহণ করেননি। বয়স যে মানুষের জনকল্যাণমূলক কাজে বাধা হতে পারে না, মালাউইয়ের এই প্রবীণের উদ্যোগ সেই অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। তার এই উদারতায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে।

