মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কেলাং শহরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে আয়োজিত সমাবেশে প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত এই সমাবেশ ও দায়িত্বশীলদের মতবিনিময় সভায় বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ এবং মালয়েশিয়ায় কার্যক্রম বিস্তৃতির লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব কেলাংয়ে এ সমাবেশ ও দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসার। স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারাও এতে উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের কেলাং স্টেট শাখার জন্য একটি নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মাওলানা আব্দুস শহীদকে সভাপতি এবং মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠনের মাধ্যমে কেলাং অঞ্চলে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক গত ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। এই সফর শেষে ২৬ অক্টোবর রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রবাসীদের নিয়ে আয়োজিত এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনের যোগাযোগ ও কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

