ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
সরকারি অর্থের অপচয় রোধে কমিটি সাফ জানিয়ে দিয়েছে যে, অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বর্তমান সরকারের মেয়াদেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির অষ্টম এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলত চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২০-২০২১ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন অডিট আপত্তি—যার মধ্যে আদায়, সমন্বয়, অবলোপন ও ভূতাপেক্ষ অনুমোদনের বিষয়গুলো ছিল—তা পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অডিট আপত্তিতে উঠে আসা বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে মন্ত্রণালয় ও বাইরের সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মবহির্ভূতভাবে বিশেষ উৎসাহ বোনাস প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা আপত্তি এবং কমিটির পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরাতে কমিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর জোর দিয়েছে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে ই-বিলিং ও ই-পেমেন্ট ব্যবস্থা চালু করে স্বয়ংক্রিয় শুল্ক পরিশোধ ও দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়া নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে দীর্ঘকাল ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহনের জট আগামী ডিসেম্বরের মধ্যে অবসানের সময়সীমা বেঁধে দিয়েছে কমিটি। এছাড়া কনটেইনার চুরির ঘটনা ও খালি কনটেইনারের আড়ালে মালবাহী পণ্য সরানোর মতো গুরুতর অভিযোগগুলোর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মাধ্যমে বন্দরসেবা আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যিক ব্যাংকগুলোতে বন্দর কর্তৃপক্ষের এফডিআর বিনিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়েও কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে আর্থিক ঝুঁকিতে থাকা বেসরকারি ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অর্থ তুলে না আনা এবং নীতিমালা ভেঙে অতিরিক্ত অর্থ বিনিয়োগের বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিটিকে অবহিত করার নির্দেশনা দিয়ে ভবিষ্যতে সরকারি ব্যাংকেই সব অর্থ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের ড্রেজিং প্রকল্প, নির্ধারিত ড্রাফট বজায় রাখা এবং কনটেইনার টার্মিনাল নির্মাণের মতো বড় প্রকল্পগুলোর অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। নিয়মিতকরণ ও অডিট আপত্তি নিষ্পত্তিতে মন্ত্রণালয়কে তৎপর হতে বলেছে কমিটি। বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), নৌপরিবহন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

