অর্থনীতির শ্লথগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর দ্রুত বিস্তারের প্রভাবে অস্ট্রেলিয়ায় চাকরি হারানোর প্রবণতা বাড়ছে। বিশেষ করে অভিজ্ঞ হোয়াইট-কলার কর্মীরা নতুন সংকটের মুখে পড়ছেন, যার ফলে দেশটিতে এক নতুন বেকার প্রজন্ম তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অক্টোবরে দেশটির বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা কোভিড-পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ।
‘কোলাটেরাল ড্যামেজ’ ও বেকারত্বের ঊর্ধ্বগতি
মৌসুমি সমন্বিত পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সংখ্যা ৪৩ হাজার ৫০০ কমেছে এবং আনুষ্ঠানিকভাবে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১৭ হাজার ৮০০। অর্থনীতিবিদদের আশঙ্কা, বেকারত্বের হার শিগগিরই ৫ শতাংশের ঘর ছুঁতে পারে।
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) অর্থনীতির সহযোগী অধ্যাপক ড. লিওনোরা রিস বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) অর্থনীতির গতি ধীর করার যে উদ্যোগ নিয়েছে, এই পরিস্থিতি তারই প্রতিফলন। তাঁর ভাষায়, “এটি সেই প্রত্যাশিত কোলাটেরাল ড্যামেজ (অনাকাঙ্ক্ষিত ক্ষতি), যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ধারনা করা হয়েছিল।”
আবাসন খাতে মন্দা ও গণছাঁটাই
বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি অস্ট্রেলিয়ার আবাসন বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সম্পত্তি গবেষণা প্রতিষ্ঠান কোটালিটির তথ্য অনুযায়ী, টানা সপ্তম মাসের মতো দেশব্যাপী আবাসন বা বাড়ির দাম কমেছে।
ড. রিস জানান, প্রযুক্তিগতভাবে অস্ট্রেলিয়া মন্দায় না পড়লেও উচ্চ সুদের হার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে অনেক মানুষ নিজেদের মানসিকভাবে মন্দার মধ্যেই দেখছেন। বেটাশেয়ার্সের প্রধান অর্থনীতিবিদ ডেভিড বাসানিজ মন্তব্য করেছেন, সর্বশেষ চাকরির পরিসংখ্যানে দেখা যাচ্ছে অস্ট্রেলীয় অর্থনীতির ‘এক পা ইতিমধ্যে মন্দায় ঢুকে গেছে’ এবং এতে অদূর ভবিষ্যতে সুদের হার আর না বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে করপোরেট খাতে পুনর্গঠন, এআইয়ে বিনিয়োগ এবং কিছু ক্ষেত্রে কাজ অফশোর বা দেশের বাইরে পাঠানোর কারণে গণছাঁটাই শুরু হয়েছে। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জেনারেল প্যান্টস প্রশাসনিক তত্ত্বাবধানে যাওয়ায় প্রায় ৫০০ চাকরি ঝুঁকির মুখে পড়েছে; এর আগে ডেভিড জোন্স প্রায় ১ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করেছে। ব্যাংক, এয়ারলাইনস ও প্রযুক্তি খাতেও ছাঁটাইয়ের চাপ বাড়ছে।
অভিজ্ঞ কর্মীদের ভবিষ্যৎ ও এআই নিয়ে সতর্কবার্তা
বিজ্ঞাপন খাতে ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মী টম কার্নি ২০১৯ সালের পর থেকে চারবার চাকরি হারিয়েছেন। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে চাকরি হারানোর পর শতাধিক আবেদন করেও মাত্র তিনটি সাক্ষাৎকারের সুযোগ পেয়েছেন তিনি। মর্টগেজের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত নিজের বাড়ি বিক্রির চুক্তি করতে বাধ্য হয়েছেন কার্নি।
তিনি বলেন, “এআই যখন আরও বেশি কাজ কেড়ে নিচ্ছে, তখন আমার মতো মানুষদের ভবিষ্যৎ কী হবে—তা নিয়ে যথাযথ আলোচনা হচ্ছে না। ৪০ বা ৫০ বছর বয়সে এসে একজন মানুষ কোন পেশায় নিজেকে বদলাবে?”
অর্থনীতিবিদরা মনে করছেন, এআইয়ের বিবর্তনের সাথে তাল মিলিয়ে আর্থিক খাত ও কর্মসংস্থানে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে। এআই-সংশ্লিষ্ট সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় বা ঝুঁকি যাচাইয়ে অস্ট্রেলিয়ার ব্যাংক, সুপার ফান্ড ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো ‘স্ট্রেস টেস্ট’ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

