বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে তিনটি সেশন ছিল বাংলাদেশের। আজ সকালের সেশনও নিজেদের করে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। অস্ট্রেলিয়াকে চাপে ফেলে শুক্রবার সকালের সেশন দারুণ কেটেছে বাংলাদেশের।
লাঞ্চের বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে বাংলাদেশ। নাজমুল অপরাজিত ২৮ রানে, তানজিদ ৭৪ রানে। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে উঠেছে ৪৩ রান।
এই সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে বাংলাদেশ।
এই সেশনে শুধু মুমিনুল হকের উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও দিনের শুরু থেকে দারুণ ব্যাটিং করছিলেন মুমিনুল। কিন্তু ৪৯ রানে ভেঙেছে তাঁর ধৈর্য। জশ হ্যজলউডকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৯৫ বলের ইনিংসটির হতাশাজনক সমাপ্তি ঘটে।
এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও ভেঙেছে।
এর আগে গতকাল টেস্টের প্রথম দিন মাত্র ১৯৮ রানেই অল আউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ৬ উইকেট একাই নেন হাসান মাহমুদ। বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নেন সমান দুটি করে উইকেট।

