সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জেনারেশন শেপার অ্যাওয়ার্ডস-২০২৬ এর মঞ্চে ‘ফ্যাশন আইকন’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের ফ্যাশন ব্যক্তিত্ব, মডেল ও পেজেন্ট কোচ তাসনুবা রাইসা রাকা। গত ১লা নভেম্বর দুবাইয়ের মিলেনিয়াম এয়ারপোর্ট হোটেলে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে ফ্যাশন অঙ্গনে তার সৃজনশীল অবদান এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এডজোন (ADZONE) আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যাশন, গণমাধ্যম ও সংস্কৃতির নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হিজ হাইনেস শেখা আয়েশা হুমাইদ আল মুয়াল্লা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজ এক্সেলেন্সি শেখ মাকতুম আল মাকতুমের ব্যক্তিগত উপদেষ্টা হিজ এক্সেলেন্সি ইয়াকুব আল আলী, গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ শেখ, ডিএক্সবি২৪লাইভ (DXB24Live)-এর প্রতিষ্ঠাতা অপূর্ব আবদুল লতিফ এবং মিসেস ইউনিভার্স ২০২৪ বিজয়ী নাসরিন সুলতানা কুইন।
তাসনুবা রাইসা রাকা ২০২৩ সালে ‘মিস কসমিক ইউনিভার্স’ খেতাব জয়ের পর থেকেই আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেন। গত তিন বছর ধরে তিনি দুবাইয়ে ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল কোচ হিসেবে সক্রিয় রয়েছেন। তার প্রশিক্ষণ ও দিকনির্দেশনা অনেক নতুন মডেলকে আত্মবিশ্বাস বাড়াতে এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে সাহায্য করছে। সম্মাননা পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় রাকা বলেন, এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি এই অর্জন তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একই সঙ্গে আয়োজক সংস্থা এডজোনকে ধন্যবাদ জানিয়ে তিনি নতুন প্রজন্মের জন্য ইতিবাচক কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মূলত ‘বিবি রাকাজ’ (BiBi RakaZ)-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ফ্যাশন ও মডেলিং প্রশিক্ষণে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। আন্তর্জাতিক ফ্যাশন পরিমণ্ডলে তার এই স্বীকৃতি বাংলাদেশের জন্য এক গর্বের দৃষ্টান্ত হিসেবে গণ্য হচ্ছে।

