ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রীদের বাধ্যতামূলক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি নিয়ে মতবিরোধের জেরে চলতি বছরই অস্ট্রেলিয়ার নতুন বিমানযাত্রী সুরক্ষা আইন পাসের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। বড়দিনের ছুটির আগে ভ্রমণের ব্যস্ত মৌসুম শুরু হওয়ার আগেই চার-বিলের এই প্যাকেজ আটকে যাওয়ায় যাত্রীদের অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিলের মূল প্রস্তাব ও অচলাবস্থার কারণ
গত জুনে নিম্নকক্ষে পাস হওয়া এই চার-বিলের প্যাকেজে ফ্লাইট বিপর্যয়, বাতিল বা বিলম্বের ক্ষেত্রে এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সুনির্দিষ্ট বাধ্যবাধকতা, প্রতিবন্ধী যাত্রীদের জন্য প্রবেশগম্যতা (accessibility) মানদণ্ড এবং অভিযোগ নিষ্পত্তিতে ‘স্বাধীন বিমান ন্যায়পাল’ (Independent Aviation Ombudsman) গঠনের প্রস্তাব রয়েছে। ২০২৪ সালের এভিয়েশন পেপার অনুযায়ী, ২০২৬ সালের মধ্যেই এই ন্যায়পাল ব্যবস্থা পুরোদমে চালুর লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। ২০২৪ সালের শেষ দিকে একটি অন্তর্বর্তী ন্যায়পাল গঠিত হলেও (যা প্রায় ৩০০ অভিযোগ পেয়েছে) আইনগত ক্ষমতা না থাকায় তা চূড়ান্ত সমাধান দিতে পারছে না।
তবে সিনেটে বিলটি পাসে জটিলতা তৈরি হয়েছে বিরোধী জোট (কোয়ালিশন)-এর দাবির কারণে। ছায়া পরিবহনমন্ত্রী ব্রিজেট ম্যাকেনজি চান, এয়ারলাইনস বা বিমানবন্দরের নিজস্ব সিদ্ধান্তে ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রীদের খাবার, আবাসন, টিকিটের অর্থ ফেরত এবং স্বয়ংক্রিয় আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা আইনে যুক্ত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের উদাহরণ টেনে তিনি বলেন, তিন ঘণ্টার বেশি বিলম্ব বা শেষ মুহূর্তের বাতিলে সেখানে যাত্রীরা প্রায় ৪০০ ইউরো (প্রায় ৬৫০ অস্ট্রেলীয় ডলার) ক্ষতিপূরণ পান; অস্ট্রেলিয়াতেও এমন বাধ্যতামূলক ব্যবস্থা থাকা উচিত। গ্রিনস পার্টির পরিবহন মুখপাত্র এলিজাবেথ ওয়াটসন-ব্রাউনও ক্ষতিপূরণ মডেলের পক্ষে অবস্থান নিয়ে বিলম্বের সমালোচনা করেছেন।
ভাড়া বৃদ্ধি ও আঞ্চলিক রুটে প্রভাবের শঙ্কা
অন্যদিকে, পরিবহন ও অবকাঠামোমন্ত্রী ক্যাথরিন কিং সতর্ক করেছেন যে বাধ্যতামূলক ক্ষতিপূরণের বিধান যুক্ত করা হলে তা বিমান চলাচল খাতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। অবকাঠামো ও পরিবহন দপ্তরের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪–২৫ সালের যাত্রী সংখ্যার ভিত্তিতে এই ধরনের ক্ষতিপূরণ ব্যবস্থা চালু হলে টিকিটের দাম গড়ে ২৪ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।
-
এয়ারলাইনস লবির বক্তব্য: ‘এয়ারলাইনস ফর অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড’-এর প্রধান নির্বাহী স্টিফেন বেকেট বলেন, ফ্লাইট বিলম্বের প্রধান কারণ যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া বা ক্রুদের অসুস্থতা—যার সঙ্গে সরাসরি ক্ষতিপূরণ ব্যবস্থার যোগসূত্র কম। তাঁর মতে, এতে সেবার মান বাড়ে না; বরং আঞ্চলিক রুটের সংযোগ কমে যাওয়া এবং ভাড়া বৃদ্ধির মতো নেতিবাচক প্রভাব পড়তে পারে।
-
সময়ানুবর্তিতার চিত্র: ব্যুরো অব ইনফরমেশন অ্যান্ড ট্রান্সপোর্ট রিসার্চ ইকোনমিকসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে কোয়ান্টাস ও ভার্জিনসহ অস্ট্রেলীয় এয়ারলাইনসগুলোর গড় সময়মতো আগমনের হার ছিল ৭৪ দশমিক ১ শতাংশ, সময়মতো ছাড়ার হার ৭৪ দশমিক ৩ শতাংশ এবং ফ্লাইট বাতিলের হার ছিল ১ দশমিক ৬ শতাংশ।
সরকারের মূল প্রস্তাবে বছরে ১০ লাখের কম যাত্রী পরিবহনকারী ছোট বিমানবন্দরগুলোকে বাড়তি আর্থিক ও প্রশাসনিক চাপ এড়াতে এই বাধ্যবাধকতার বাইরে রাখার কথা বলা হয়েছে। তবে সিনেটে সমঝোতা না হলে বড়দিনের ছুটির আগেই যাত্রী সুরক্ষা আইনটি ঝুলে থাকার আশঙ্কাই প্রবল হচ্ছে।