কয়েক মাস ধরে চলা সাম্প্রতিক সংঘাতের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পর এবার নতুন করে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ও হামলায় প্রাণহানির দায়ভার নিয়ে এবার ইরানের কাছেই পাল্টা ক্ষতিপূরণ দাবি করবে ওয়াশিংটন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক ক্ষুব্ধ বিবৃতিতে ট্রাম্প এই অবস্থানের কথা জানান।
‘নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে তেহরানকে’
বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, তেহরান সম্প্রতি যুদ্ধক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়ার যে কথা বলছে, তা এর আগের কোনো দ্বিপক্ষীয় আলোচনা বা বৈঠকে তারা উত্থাপন করেনি।
ইরানের এই দাবির জবাবে ট্রাম্প বলেন, “বিগত বিভিন্ন সংঘাত ও রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় মার্কিনদের হত্যা ও আহত করার জন্য ইরানকে মূল্য দিতে হবে। বিশেষ করে ‘ইউএসএস কোল’ হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে প্রাণ হারানো হাজার হাজার মানুষের জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ চাইছি আমরা।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কেবল মার্কিন সেনাই নয় গত ৫০ বছরে ইরানে সরকারবিরোধী আন্দোলনে প্রাণ হারানো বিক্ষোভকারীদের পরিবার এবং শেষ পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের স্বজনদেরও ইরানের সরকার থেকেই ক্ষতিপূরণ দেওয়া উচিত।
ভবিষ্যৎ আলোচনার নতুন শর্ত
ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরবর্তীতে যেকোনো ধরনের কূটনৈতিক আলোচনা বা দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলে এই ‘ক্ষতিপূরণের দাবি’ যেন অবশ্যই এজেন্ডায় অন্তর্ভুক্ত রাখা হয়, সে বিষয়ে তিনি তাঁর বিশেষ প্রতিনিধি ও কূটনীতিকদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধপরবর্তী কূটনৈতিক টেবিলে তেহরানের আইনি ও আর্থিক চাপ সৃষ্টির কৌশলের বিপরীতে ট্রাম্পের এই পাল্টা ক্ষতিপূরণ দাবি পরিস্থিতিকে আরও জটিল ও মুখোমুখি অবস্থানে নিয়ে দাঁড় করাল।

