মালয়েশিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ারের হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি প্রবাসে অবস্থানরত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আবদুল মোনায়েম মুন্না বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল এবং সুসংহত করতে হলে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, দায়িত্বশীলতা ও সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি প্রবাসের প্রতিকূল পরিবেশে সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মালয়েশিয়া যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির মালয়েশিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারার। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। বক্তারা এ সময় যুবদলের দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের ইতিহাস এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা প্রবাসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় বৃদ্ধি করে সাংগঠনিক তৎপরতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। এছাড়া আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম রহমান তনু ও সদস্যসচিব হেলাল শিকদার।
যুবদলের পক্ষে আলোচনায় অংশ নেন শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কেএ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার। সভায় মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার ও তাহমিদ তাজওয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আবদুল মোনায়েম মুন্না নেতাকর্মীদের নিয়ে কেক কেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন করেন।

