জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে হলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। বুধবার রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, পানির হিস্যার প্রশ্নে আমরা এক চুল পরিমাণও ছাড় দেব না। আবরার ফাহাদের চেতনাকে ধারণ করতে হলে আমাদের দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। এই প্রেক্ষাপটে তিনি সরকারকে ভারত সরকারের সঙ্গে নতুন করে ন্যায্যতার ভিত্তিতে পানি চুক্তিতে সই করার আহ্বান জানান। শুধু গঙ্গা নয়, দুই দেশের মধ্যে থাকা অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কীভাবে এর অংশীদারত্ব বজায় রাখবে, তা নতুন চুক্তিতে স্পষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে তিনি আবরার ফাহাদের ওপর নেমে আসা ঘটনার প্রেক্ষাপট স্মরণ করে বলেন, নদী নিয়ে নিজের মতামত ও ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছিল। নাহিদ ইসলামের ভাষ্যমতে, আবরার ছিলেন দেশপ্রেমিক এবং তিনি শুধু পানির ন্যায্য অধিকার নিয়েই প্রশ্ন তুলেছিলেন। গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারত থেকে কী পেয়েছে, সেই যৌক্তিক প্রশ্ন তোলাতেই তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার ভারতের আগ্রাসী নীতির সম্প্রসারণ হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। দেশ ও জনগণের স্বার্থের চেয়ে তারা ভারতের অনুগত ছিল। এনসিপির আহ্বায়ক দৃঢ় কণ্ঠে জানান, আবরার ফাহাদের চেতনা মানেই বাংলাদেশের নদীর পানির অধিকার আদায় করা। বাংলাদেশের স্বার্থ রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

