স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে আটকে রেখে তা চড়া দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় ওই অবৈধ ওয়েবসাইট ব্লক করা, জড়িত সাইবার অপরাধীদের গ্রেপ্তার এবং টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে তিন দফা উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যাবলি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামের একটি অননুমোদিত ওয়েবসাইট স্বয়ংক্রিয় বটের সাহায্যে ই-টিকিটিং সিস্টেম থেকে বড় অংকের টিকিট কৃত্রিমভাবে ব্লক করে কালোবাজারে বিক্রি করে আসছিল। এতে সাধারণ যাত্রীরা নিয়মিত মূল্যে টিকিট কেনা থেকে বঞ্চিত হচ্ছিল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল।
যাত্রী ভোগান্তি নিরসনে ইতোমধ্যেই তিনটি পদক্ষেপ নিয়েছে রেলওয়ে। প্রথমত, রেলওয়ের টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, চক্রটির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চালাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, অবৈধ ওয়েবসাইট, এর আইপি ঠিকানা ও মোবাইল অ্যাপ বাংলাদেশে ব্লক করতে বিটিআরসি চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
দুর্ভোগ এড়াতে যাত্রীদের কেবল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ কিংবা ‘Rail Sheba’ অ্যাপ থেকে টিকিট সংগ্রহের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো অননুমোদিত মাধ্যমে লেনদেন না করা এবং কালোবাজারির যেকোনো তথ্য রেলওয়েকে জানাতে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

