আসন্ন ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের লক্ষ্য নিয়ে সেরা পারফরমারদের নিয়ে দল গঠনের কঠোর নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক। কেবল অংশ নেওয়ার মানসিকতা বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করার আহ্বান জানান তিনি।
আজ ২৩ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভায় দল গঠনে পদ ও পদের দায়িত্ব নিয়ে অসঙ্গতির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, শুটিং ফেডারেশনের এক কর্মকর্তাকে ক্যাম্প ডিরেক্টর হিসেবে পাঠানোর কথা থাকলেও তালিকায় তাকে পিস্তল কোচ দেখানোর মতো ঘটনা ঘটেছে। একই সাথে সাধারণ সম্পাদকদের হঠাৎ কোচ সেজে বিদেশ যাওয়ার প্রবণতাকে ‘অশোভনীয়’ হিসেবে আখ্যা দেন তিনি। প্রতিমন্ত্রী সাফ জানান, সারা বছর যেসব কোচ খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকেই কোচের দায়িত্ব দিয়ে পাঠাতে হবে।
এশিয়ান গেমসের প্রস্তুতির পাশাপাশি স্টেডিয়ামপাড়ার পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি। ঢাকা ও কমলাপুর স্টেডিয়ামের সার্বিক পরিবেশের আশানুরূপ পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কিছু ব্যক্তিবর্গের অপকর্মের জন্য খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। কেবল অফিসে বসে না থেকে প্রতিটি ফেডারেশন ভবন ও তার আশপাশের এলাকা খেলাধুলার উপযোগী রাখতে কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং ক্রীড়া সাংবাদিকদের যৌথ সহযোগিতা কামনা করেন তিনি।

