অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি মাহবুবুল হক দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৮ জুলাই দুপুরে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাকেম্বার দ্য বুলেভার্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অনিয়ন্ত্রিত টয়োটা টারাগো গাড়ি মাহবুবুল হক (৬৪) এবং নুরহায়াতি পামুংকাস (৪৩) নামের এক নারীকে সজোরে ধাক্কা দেয়। এরপর গাড়িটি সড়ক পাশে থাকা আরও দুটি গাড়িতে গিয়ে আঘাত হানে।
দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় মাহবুবুল হককে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় এক মাস লাইফ সাপোর্টে থেকে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমান। উল্লেখ্য, একই দুর্ঘটনায় আহত নারী নুরহায়াতি পামুংকাস গত ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন ৮২ বছর বয়সী এক বৃদ্ধ। দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে নিউ সাউথ ওয়েলস পুলিশের ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত অব্যাহত রেখেছে।
প্রবীণ এই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে সিডনির প্রবাসী বাঙালি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

