কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) কুয়েতের কৃষি অঞ্চল আবদালিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন। কমিউনিটি নেতা সমির মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি জাকির হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। স্থানীয় বাংলাদেশি কৃষকদের মধ্যে নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ ও শামিম আহমদসহ অনেকে এই আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দূতাবাসের এই উদ্যোগের ফলে প্রবাসী কৃষকরা তাদের দৈনন্দিন অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জ সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

