কুয়েতের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিবেচিত তেল, বিদ্যুৎ ও পানি সরবরাহ খাতে প্রকৌশলীদের ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশের দক্ষ প্রকৌশলীরা এসব গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করে আসছেন। এই তালিকায় বাংলাদেশি প্রকৌশলীরা অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তাদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এক সময়ে কুয়েতে প্রচুর বাংলাদেশি প্রকৌশলী কর্মরত থাকলেও এখন সেখানে হাতে গোনা কয়েকজন মাত্র কাজ করছেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানিতে (কেএনপিসি) কর্মরত প্রকৌশলী আবদুস সালাম বলেন, রিফাইনারি ও বিদ্যুৎসহ বিভিন্ন কারিগরি খাতে কাজের বিপুল সুযোগ থাকা সত্ত্বেও আমাদের দেশের প্রকৌশলীরা সেই সুবিধা নিতে পারছেন না। প্রতিবেশী দেশগুলোর প্রকৌশলীরা যেখানে এই সুযোগ কাজে লাগিয়ে তাদের অবস্থান সুসংহত করছেন, সেখানে বাংলাদেশিরা মূলত ভিসা জটিলতার কারণে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির সমাধানে বাংলাদেশ সরকারকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কুয়েতের শ্রমবাজারে বর্তমানে দক্ষ কর্মীর চাহিদা ক্রমবর্ধমান। দেশটির বিভিন্ন মেগা প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে জনবলের প্রয়োজন দেখা দিয়েছে। স্থানীয় নাগরিকদের পাশাপাশি কুয়েত সরকার চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, দক্ষ কারিগর ও প্রকৌশলীসহ নানা পেশায় বিদেশিদের নিয়োগ দিচ্ছে। এমনকি সেবা খাত এবং প্রশাসনিক কাজের জন্যও দক্ষ জনবলের খোঁজে রয়েছে দেশটি। তবে ভিসা সংক্রান্ত সীমাবদ্ধতা থাকায় এই শ্রমবাজার থেকে বাংলাদেশ প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারছে না।
সংশ্লিষ্টদের মতে, কুয়েত সরকারের নতুন সব উন্নয়ন উদ্যোগে নতুন কর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিশেষ করে লামানা প্রথা বাতিল এবং কুয়েতে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি নিশ্চিত করা গেলে তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। শ্রমবাজারের এই সুযোগ কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

