উসাইন বোল্টের বিশ্বখ্যাত ৯.৫৮ সেকেন্ডের মানব রেকর্ড ভেঙে প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এ ১০০ মিটার স্প্রিন্ট ট্র্যাকে মাত্র ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করে ইতিহাস গড়েছে ‘তিয়ানগং আল্ট্রা’ নামের এই রোবটটি।
চীনা মহাকাশ ও উচ্চপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মিত এই রোবটটি ট্র্যাকের শেষভাগে তার প্রতিদ্বন্দ্বী রোবট ‘লাইটিং’কে পেছনে ফেলে শীর্ষস্থান ছিনিয়ে নেয়। লাইটনিংও ৯.৪৭ সেকেন্ড সময় নিয়ে উসাইন বোল্টের রেকর্ড টপকে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করে। গত বছর যেখানে ১০০ মিটার পথ অতিক্রম করতে হিউম্যানয়েড রোবটগুলোর সময় লেগেছিল ২১ সেকেন্ডের বেশি, সেখানে এক বছরের ব্যবধানে প্রযুক্তি ও গতির এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে।
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ক্রীড়া, শিল্প ও সেবামূলক মোট ৫১টি ভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে রোবটগুলো। এর মধ্যে দৌড় ছাড়াও ভারোত্তোলন, হাই জাম্প, টেবিল টেনিস এবং শিল্পকারখানার জটিল সূক্ষ্ম তার সংযোগ ও প্যাকেটজাতকরণের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করছে তারা। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রোবটগুলোর ৪০ শতাংশের বেশি কাজ কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে চালিত হচ্ছে।
তবে তীব্র গতির কারণে দৌড় শেষে নিরাপদ ব্রেকিংয়ে এখনো কারিগরি চ্যালেঞ্জ রয়ে গেছে। স্প্রিন্ট শেষ করার পর তীব্র গতির ধাক্কা সামলাতে না পেরে বিজয়ী রোবটগুলোকে ফোমের ম্যাটে সজোরে আছড়ে পড়তে দেখা যায়। কারিগরি বিশেষজ্ঞরা এখন এসব মানবসদৃশ রোবটের উন্নত ব্রেকিং ব্যবস্থা, ব্যাটারি ব্যবস্থাপনা ও অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়াতে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

