দারিদ্র্য ও আর্থিক সংকট মানুষের জীবনে একটি বড় পরীক্ষা। দীর্ঘদিনের অভাব-অনটন যেমন মানুষের আত্মসম্মান ও মানসিক প্রশান্তিকে ক্ষুণ্ন করে, তেমনি তা ইবাদত ও শরিয়তের বিধান পালনেও ব্যাঘাত ঘটাতে পারে। এমনকি ক্ষেত্রবিশেষে চরম দারিদ্র্য মানুষকে হতাশা ও নানা পাপের পথে ঠেলে দেয়।
এ কারণে ইসলামে হালাল উপায়ে জীবিকা অর্জনের চেষ্টার পাশাপাশি অভাব, দারিদ্র্য ও ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে এ বিষয়ে একাধিক দোয়ার শিক্ষা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি দোয়া—
১. দারিদ্র্য ও অপমান থেকে আশ্রয়ের দোয়া
আরবি:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذَّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَবাংলা উচ্চারণ:‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল-ফাকরি ওয়াল-কিল্লাতি ওয়াজ-জিল্লাতি, ওয়া আউজু বিকা মিন আন আজলিমা আও উজলাম।’অর্থ:হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র্য, অপ্রতুলতা ও অপমান থেকে আশ্রয় চাই। একই সঙ্গে আপনার কাছে আশ্রয় চাই, যেন আমি কারও ওপর জুলুম না করি এবং নিজেও যেন জুলুমের শিকার না হই।(আবু দাউদ: ১৫৪৪, নাসায়ি: ৫৪৬১)
২. ঋণ পরিশোধ ও দারিদ্র্য থেকে মুক্তির দোয়া
আরবি:اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ. اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِবাংলা উচ্চারণ:‘আল্লাহুম্মা রাব্বাস-সামাওয়াতি ওয়া রাব্বাল-আরদি ওয়া রাব্বাল-আরশিল আজিম, রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইয়িন, ফালিকাল-হাব্বি ওয়ান-নাওয়া, ওয়া মুনজিলাত-তাওরাতি ওয়াল-ইনজিলি ওয়াল-ফুরকান; আউজু বিকা মিন শাররি কুল্লি শাইয়িন আনতা আখিজুম বিনাসিয়াতিহি। আল্লাহুম্মা আনতাল-আওয়ালু ফালাইসা কাবলাকা শাইউন, ওয়া আনতাল-আখিরু ফালাইসা বা’দাকা শাইউন, ওয়া আনতাজ-জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন, ওয়া আনতাল-বাতিনু ফালাইসা দুনাকা শাইউন; ইকজি আন্নাদ-দাইনা ওয়া আগনিনা মিনাল-ফাকর।’অর্থ:হে আল্লাহ, আপনি আসমানসমূহ, পৃথিবী ও মহান আরশের প্রতিপালক। আপনি আমাদের এবং সব সৃষ্টির রব। আপনি বীজ ও আঁটি থেকে অঙ্কুর বের করেন এবং তাওরাত, ইঞ্জিল ও ফুরকান অবতীর্ণ করেছেন। আপনার নিয়ন্ত্রণাধীন সবকিছুর অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই।হে আল্লাহ, আপনিই প্রথম—আপনার আগে কিছুই ছিল না। আপনিই সর্বশেষ—আপনার পরে কিছুই থাকবে না। আপনি প্রকাশ্য—আপনার ওপরে কিছু নেই। আপনি অদৃশ্য—আপনার অন্তরালের কিছুই আপনার বাইরে নয়। আপনি আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন এবং দারিদ্র্য থেকে মুক্ত করে স্বাবলম্বী করে দিন।(সহিহ মুসলিম: ৬৮৮৯)

